ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। ২৩ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিতে সব মিলিয়ে প্রায় ১৩৫ মিলিয়ন ইউরো খরচ হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির।
দীর্ঘদিনের আলোচনার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বারকোলার দলবদলের মূল বিষয়গুলো নিয়ে দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
চুক্তির কাঠামো অনুযায়ী, বারকোলার জন্য লিভারপুল শুরুতে ১০০ মিলিয়ন পাউন্ডের কিছু বেশি পরিশোধ করবে। এর সঙ্গে ব্যক্তিগত ও দলীয় সাফল্যের ওপর নির্ভর করে আরও প্রায় ২০ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। তবে চুক্তির পুরো কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।
বর্তমানে পিএসজির সঙ্গে বারকোলার চুক্তির মেয়াদ শেষ হতে আরও দুই বছর বাকি। তবে নতুন চুক্তিতে সই করার ইচ্ছা নেই বলে ইতোমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
২০২৩ সালে লিঁও থেকে প্রায় ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বারকোলাকে দলে ভিড়িয়েছিল পিএসজি। প্যারিসের ক্লাবটির হয়ে সময়টা খারাপ কাটেনি তাঁর। তবে গত মৌসুমে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দেজিরে দুএ, উসমান দেম্বেলে ও খভিচা কাভারাসখেলিয়াকে বেশি গুরুত্ব দেওয়ায় মূল একাদশে নিজের জায়গা নিয়ে অনিশ্চয়তায় পড়েন এই ফরাসি ফরোয়ার্ড।
লিভারপুলের সঙ্গে চুক্তি সম্পন্ন হলে ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড় হতে পারেন বারকোলা। এর আগে ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেকজান্ডার ইসাককে দলে নিয়ে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি দেওয়ার রেকর্ড গড়েছে লিভারপুল।