শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম কিংবা বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়া নতুন কিছু নয়। তবে এসব বিষয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে বিতর্ক বাড়াতে চান না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সাম্প্রতিক কিছু গুঞ্জন ও ব্যক্তিগত বিষয় নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান বলেন, গুঞ্জন নিয়ে মন্তব্য করলে অনেক সময় বিষয়টি আরও জটিল হয়ে যায়। একজন নিজের কথা বলার পর তিনি পাল্টা বক্তব্য দিলে গল্পটি ভিন্ন দিকে মোড় নিতে পারে। তাই কারও সঙ্গে কাদা ছোড়াছুড়িতে যেতে চান না এই অভিনেত্রী।
সাদিয়া বলেন, ‘আমি চাই না কাদা ছোড়াছুড়ি হোক। একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব—এভাবে নোংরামি করতে চাই না। আমার মনে হয়, সত্য কখনো চাপা থাকে না। সত্য একসময় সামনে আসবেই।’
প্রেম কিংবা সাময়িক সম্পর্ক নিয়েও খুব একটা আগ্রহী নন সাদিয়া। সম্পর্কের বিষয়টি তিনি অনেকটাই ভাগ্যের ওপর ছেড়ে দিতে চান। তার বিশ্বাস, সৃষ্টিকর্তা মানুষের জীবনের অনেক কিছু আগেই নির্ধারণ করে রেখেছেন।
এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাদিয়া আয়মান। একসঙ্গে নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দেওয়া এবং নিজের পোষা বিড়ালের যত্ন নেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে নিচ্ছেন এই অভিনেত্রী।