বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে—এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি ৩১ দফার বাইরেও সরকারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটি ও আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষা খাতের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষকদের অবসরকালীন সুবিধার ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া। বর্তমানে একজন শিক্ষক অবসর সুবিধা হিসেবে কয়েক লাখ টাকা পাবেন, যা সরাসরি তার ব্যাংক হিসাবে পৌঁছে যাবে। এতে কোনো ধরনের ঘুষ বা হয়রানির সুযোগ থাকবে না।
সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, অনেক উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে, যার কিছু নির্বাচনী ইশতেহারের বাইরের কর্মসূচি। শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়ার উদ্যোগকেও তিনি সরকারের অতিরিক্ত অর্জন হিসেবে উল্লেখ করেন।
এ সময় কৃষক, দরিদ্র নারী ও পরিবারগুলোর জন্য সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সব মা-বোনের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
তার মতে, দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তারা তা পরিবারের প্রয়োজন মেটাতে ব্যয় করবেন। এর ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, উৎপাদন ও কর্মসংস্থানও বাড়বে। দারিদ্র্য দূর করে মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোই টেকসই উন্নয়নের অন্যতম শর্ত বলেও মন্তব্য করেন তিনি।