শৈশব থেকেই হলিউড দেখার স্বপ্ন ছিল অভিনেত্রী সাফা কবিরের। এবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেই স্বপ্ন পূরণ করলেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর ঘুরে দেখেছেন এই অভিনেত্রী। এর মধ্যে হলিউড, সান্তা মনিকা পিয়ার, গ্রিফিথ অবজারভেটরিসহ লস অ্যাঞ্জেলেসের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখেন তিনি।
কয়েকদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র সফরের কথা জানান সাফা কবির। সেখানে সফরের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তবে পুরো সফরের মধ্যে হলিউড ভ্রমণই তার কাছে ছিল সবচেয়ে আবেগঘন।
প্রথমবার হলিউডে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে সাফা কবির বলেন, ‘শৈশব থেকেই হলিউডের নাম শুনে বড় হয়েছি। তাই বিখ্যাত হলিউড সাইনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্তটি আমার কাছে বিশেষ ছিল। জায়গাটি খুব ভালো লেগেছে। সেখান থেকে লস অ্যাঞ্জেলেস শহরের দারুণ একটি দৃশ্যও দেখা যায়। পুরো বিষয়টি আমার কাছে বেশ উপভোগ্য ছিল।’
শুটিং নিয়ে দীর্ঘ সময় ব্যস্ত থাকায় দেশে কিংবা বিদেশে সেভাবে ঘোরার সুযোগ হতো না সাফার। ভ্রমণ নিয়ে সেই আফসোস থেকেই এখন নিজের জন্য সময় বের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যালবানি শহরে তুষারপাত দেখে শৈশবের আরেকটি স্বপ্ন পূরণ করেছিলেন অভিনেত্রী।
প্রায় দেড় বছর পর এবার যুক্তরাষ্ট্রের হলিউডে গিয়ে আরও একটি শৈশবের স্বপ্ন পূরণ করলেন সাফা কবির। সফরের অভিজ্ঞতা তার ব্যস্ত জীবনে নতুন আনন্দ যোগ করেছে বলেই মনে করছেন এই অভিনেত্রী।