যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে যে বার্তা আদান-প্রদান হচ্ছে, তা আনুষ্ঠানিক আলোচনা নয়।
শনিবার (১৫ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম শাহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আরাগচি জানান, ওমানের সঙ্গে ইরানের আলাদা আলোচনা চলছে। এর মূল বিষয় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ নৌপথ নির্ধারণ। তিনি বলেন, হরমুজে নৌযান চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে।
এদিকে শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান চরমভাবে পরাজিত হচ্ছে। নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে তিনি হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করেন এবং বলেন, খুব শিগগিরই তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।