এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা রদ্রিগো ডি পল ও দেশটির জনপ্রিয় পপ তারকা, অভিনেত্রী ও গায়িকা তিনিতি স্তোসেল। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার গড়াতে যাচ্ছে বিয়েতে। এরই মধ্যে শুরু হয়েছে তাদের বিয়ের প্রস্তুতিও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিক রদ্রিগো ডি পলের উদ্দেশে একটি রোমান্টিক বার্তা দিয়েছেন তিনিতি। তিনি লিখেছেন, ‘একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।’ একই পোস্টে বাগদানের আংটি পরা ছবিও প্রকাশ করেন তিনি।
আর্জেন্টিনার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পোশাক প্রথমবার পরখ করতে প্যারিসে গেছেন তিনিতি। পোশাক পরার সময় প্রেমিক ডি পলকে ফোন করে নিজের অনুভূতির কথাও জানান তিনি। অন্য প্রান্ত থেকে ডি পলও তার অনুভূতি প্রকাশ করেন।
যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি এই জুটি। তবে গত মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটির ছবি প্রকাশ করে তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দেন ডি পল।
এরপর আর্জেন্টিনার একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে তাদের সম্ভাব্য বিয়ের তারিখ হিসেবে ১৯ ডিসেম্বর ২০২৬-এর কথা উঠে আসে। তবে এই তারিখের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রদ্রিগো ডি পল বা তিনিতি স্তোসেল।
দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত এই তারকা জুটিকে ঘিরে তাই ভক্তদের আগ্রহও এখন তুঙ্গে।