রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

‘জীবনে অনেক ভুল করেছি, না করলেও পারতাম’: শাকিব খান

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। পর্দার ব্যস্ততা থেকে ব্যক্তিজীবন—তাকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। এবার নিজের অতীতের নানা ঘটনা ও জীবনের কিছু ভুল নিয়ে খোলামেলা কথা বলেছেন এই মেগাস্টার।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে দীর্ঘ ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শাকিব খান। সেখানেই অতীতের কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথা জানান তিনি। শাকিবের ভাষ্য, জীবনে এমন কিছু ভুল করেছেন, যেগুলো না করলেও পারতেন।

এর আগে একই অনুষ্ঠানে নিজের অতীতের একটি ‘অপূর্ণ প্রেমের’ গল্পের আভাস দিয়েছিলেন এই অভিনেতা। এবার ব্যক্তিজীবনের নানা ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, অতীতে এমন অনেক কিছু ঘটেছে, যেগুলো এখন তার কাছে ভুল বলেই মনে হয়।

তবে ঠিক কী সেই ভুল, তা স্পষ্ট করেননি শাকিব খান।

সাক্ষাৎকারে উপস্থাপক জানতে চান, কেন জীবনে এসব ভুল হয়েছিল। জবাবে শাকিব খান বলেন, ‘ওই যে—কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারতো। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’

অভিনেতা জানান, একা থাকলে অতীতের নানা বিষয় নিয়ে নিজের সঙ্গে হিসাব-নিকাশ করেন তিনি। আর তখন এসব বিষয় তাকে পীড়া দেয়। তবে সময় পেরিয়ে যাওয়ার পর চাইলেও জীবনের অনেক কিছু আর পরিবর্তন করা সম্ভব নয় বলেও উপলব্ধি তার।

শাকিবের মতে, জীবনে ভুল হওয়া স্বাভাবিক। তবে সেই ভুল বুঝতে পেরে ভবিষ্যতে একই ভুল আর না করাই গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকারের একপর্যায়ে উপস্থাপক ইঙ্গিতে শাকিব খানের দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে প্রশ্ন করেন। জবাবে শাকিব জানান, তারা দুজনই তার জীবনের অংশ।

তবে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে চান না তিনি। বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে চান বলে জানান এই অভিনেতা।

শাকিব আরও জানান, মাঝেমধ্যে দেখা হলে তাদের সতর্কও করেন তিনি। পাশাপাশি নিজের সম্পর্কে বিভিন্ন অতিরঞ্জিত খবর ও গুঞ্জন ছড়িয়ে পড়ার কারণে এখন অনেকটাই অন্তর্মুখী হয়ে গেছেন বলেও উল্লেখ করেন।

জীবনের নানা অধ্যায় ও অতীতের ভুলগুলো পেছনে ফেলে এখন সামনে এগিয়ে যেতে চান শাকিব খান। নিজের আসন্ন সিনেমা ‘সোলজার’ এবং ভবিষ্যৎ জীবন নিয়ে ইতিবাচক এই তারকা।

শাকিবের চাওয়া, সামনে থাকা সময়টা যেন আনন্দ, হাসি আর ভালো লাগার মধ্য দিয়ে কাটে। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও সুন্দর করে সাজাতেই এখন মনোযোগ দিতে চান ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com