দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৮ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।
এ সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।