২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে লক্ষ্য করে একাধিক হত্যার হুমকি ও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। মেসি ছাড়াও ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পেসহ বিভিন্ন দলের খেলোয়াড়, ফিফা কর্মকর্তা ও ম্যাচ পরিচালনাকারী রেফারিরাও হুমকির লক্ষ্য ছিলেন।
পুলিশের একটি ডসিয়ের বরাতে ফাঁস হওয়া গোপন নথির সূত্র ধরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যক্তি মেসিকে হত্যার হুমকি দেন। ওই ব্যক্তি দাবি করেন, শরীরে চারটি বোমা বেঁধে আটলান্টার স্টেডিয়ামে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে মেসিকে হত্যা করবেন।
এর একই দিনে অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করে দাবি করেন, স্টেডিয়ামের ভেতরে তিনটি ময়লার স্তূপের কাছে বোমা রাখা হয়েছে। খবর পেয়ে বিস্ফোরক বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কুকুর ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামজুড়ে তল্লাশি চালান।
ঘটনাটি আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচকে ঘিরে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফাঁস হওয়া নথি অনুযায়ী, ওই সময় পাওয়া অধিকাংশ হুমকিই ছিল মেসিকে কেন্দ্র করে। তবে মেসির পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোর নিরাপত্তাও বাড়ানো হয়েছিল।
নথিতে আরও বলা হয়েছে, ফিফার এক কর্মীর হোটেলসংক্রান্ত তথ্য সংগ্রহ করে এক সন্দেহভাজন ব্যক্তি তাঁর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এদিকে আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেক্সিয়ঁও হুমকির শিকার হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ম্যাচের পর তাঁর হোয়াটসঅ্যাপে ছয় হাজারের বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল বলে ফাঁস হওয়া নথিতে উল্লেখ করা হয়েছে।
শুধু প্রধান রেফারিই নন, ওই ম্যাচের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
ফাঁস হওয়া নথিতে বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও ফিফার কর্মীদের লক্ষ্য করে একাধিক হুমকির তথ্য উঠে এসেছে। তবে এসব হুমকির কতটি বাস্তব ঝুঁকি ছিল এবং কতটি ছিল ভুয়া—সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।