যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি আগামী সোমবার এ বিষয়ে সময়সূচিসহ আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভার জানায়, সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভার সদস্য, দলীয় নেতা, ট্রেড ইউনিয়ন ও দাতাদের সঙ্গে আলোচনা করে স্টারমার বুঝতে পেরেছেন, তার নেতৃত্ব ধরে রাখা কঠিন হয়ে উঠছে। যদিও তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি এবং সপ্তাহ শেষে পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
এদিকে লেবার পার্টির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরদার হয়েছে। সাম্প্রতিক উপনির্বাচনে দলের অভ্যন্তরে জনপ্রিয়তা বাড়ায় সাবেক মন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের নাম সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে সামনে এসেছে। দলীয় একাংশের দাবি, শতাধিক এমপি ইতোমধ্যেই তার পক্ষে অবস্থান নিয়েছেন।
তবে স্টারমারের দপ্তর থেকে এসব দাবি ‘জল্পনা’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগেও তিনি জানিয়েছেন, তিনি নেতৃত্ব চালিয়ে যেতে চান এবং দলের সামনে এখনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।
অন্যদিকে শ্রমিক সংগঠন ইউনাইটের প্রধান শ্যারন গ্রাহাম নেতৃত্ব পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, দলকে সামনে এগিয়ে নিতে সুশৃঙ্খল রদবদল প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যেতে পারে।