দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এক হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ৬২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং আরও ৯৫৭ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ৮৭৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।
এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ১১ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।