দেশের অন্যতম বৃহৎ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬’-এর ফিক্সচার উন্মোচন করা হয়েছে। রবিবার (২১ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচসূচি নির্ধারণ করা হয়।
এবারের আসরে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ২৮, ২৯ ও ৩০ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
টুর্নামেন্টকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ট্যুর, জার্সি উন্মোচন এবং ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি করেছে। ফিক্সচার উন্মোচনের মধ্য দিয়ে শেষ হলো প্রচারণা কার্যক্রম, আর শুরু হলো মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জিটিভি, ফলে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকরাও উপভোগ করতে পারবেন এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা, রানার্সআপ দল ২ লাখ টাকা এবং দুই সেমিফাইনালিস্ট দল পাবে ১ লাখ টাকা করে পুরস্কার।
ফিক্সচার উন্মোচন অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রথম রাউন্ডের ম্যাচ নির্ধারণ করা হয়। ৩২টি দলের নাম থেকে পর্যায়ক্রমে দুটি করে দল নির্বাচন করে ম্যাচআপ চূড়ান্ত করা হয়, যা তাৎক্ষণিকভাবে স্ক্রিনে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি, টুর্নামেন্ট কর্মকর্তারা, ম্যাচ অফিসিয়াল এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিম ক্যাপ্টেন ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে দলগুলোর প্রতিনিধিরা টুর্নামেন্টের নিয়মাবলি, ম্যাচ সূচি ও প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান। পরে দলীয় ও সম্মিলিত ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।