ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মানা না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে।
এ হুঁশিয়ারির মধ্যেই ইরানের কয়েকটি স্থাপনায় নতুন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, এসব অভিযান ছিল ‘আত্মরক্ষামূলক পদক্ষেপের’ অংশ। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাম্প দাবি করেছেন যে ইরানি নেতারা হামলা বন্ধের অনুরোধ জানিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের বক্তব্য, ইরানি কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের যোগাযোগের দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
এদিকে হরমুজ প্রণালি নিয়েও উত্তেজনা বেড়েছে। আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মজিড় মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে ইরান কঠোর জবাব দেবে। একই সঙ্গে আইআরজিসি প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের দাবি করলেও তা অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, অঞ্চলজুড়ে উত্তেজনা থাকলেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।