দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রিয় দলের সাফল্যের আশায় মুখিয়ে আছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে বড় উদ্বেগের নাম নেইমার জুনিয়র।
নিয়ম অনুযায়ী আগামী রোববার নিউইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন দলের ফুটবলাররা। তবে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি তারকা ফরোয়ার্ড নেইমার। এর আগের অনুশীলন সেশনেও অনুপস্থিত ছিলেন তিনি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত মাসে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। পরবর্তীতে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার আগে মেডিকেল পরীক্ষায় তার গ্রেড-২ মাসল টিয়ারের বিষয়টি ধরা পড়ে। বর্তমানে চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোতেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা হলেও দলটির লক্ষ্য থাকবে বিশ্বকাপ মিশন ইতিবাচকভাবে শুরু করা।