গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ভয়াবহ মিলিশিয়া হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় ও নিরাপত্তা সূত্র জানিয়েছে।
স্বর্ণখনি সমৃদ্ধ এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে অস্থিতিশীল। স্থানীয়দের তথ্য অনুযায়ী, লেন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত ‘কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো’ (কোডেকো) মিলিশিয়ার সদস্যরা ২৮ এপ্রিল একাধিক গ্রামে হামলা চালায়, যাতে এই প্রাণহানি ঘটে।
এর আগে, হেমা সম্প্রদায়ের সমর্থক হিসেবে পরিচিত ‘কনভেনশন ফর দ্য পপুলার রেভলিউশন’ (সিআরপি) গোষ্ঠী সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এরপরই পাল্টাপাল্টি সহিংসতা আরও তীব্র হয়ে ওঠে বলে ধারণা করা হচ্ছে।
নাগরিক সমাজের নেতা দিয়ুদোনে লোসা জানিয়েছেন, এপ্রিলের শেষ দিকের এই সংঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে মিলিশিয়া ও সেনাসদস্যও রয়েছেন। নিরাপত্তা সূত্রের মতে, অন্তত ১৯ জন তাদের মধ্যে ছিল।
এদিকে, কোডেকো যোদ্ধাদের উপস্থিতির কারণে কয়েকদিন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্ত মাত্র ২৫টি মরদেহ দাফন করা হয়েছে।