পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে ভয়াবহ হামলায় অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (৯ মে) মধ্যরাতে প্রদেশটির বান্নু জেলার ফতেহ খেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান পুলিশের মুখপাত্র কাশিফ খান।
বান্নু জেলা পুলিশের বিবৃতিতে বলা হয়, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১২ জন পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত আরও ৩ জনকে উদ্ধার করে বান্নু সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে চেকপোস্টে বিস্ফোরণ ঘটায়। এরপর জঙ্গিরা চেকপোস্ট লক্ষ্য করে গুলি ও অতিরিক্ত বিস্ফোরণ চালায়, এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।
ঘটনার পরপরই পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাজ্জাদ খান ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।