নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যা-সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় তার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন।
আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে হাইকোর্ট ৫টি মামলায় তার জামিন মঞ্জুর করেন। তবে সেই আদেশের বিরুদ্ধে আপিল হলে তা স্থগিত হয়ে যায়। এরপর গত ১৮ নভেম্বর আরও ৫টি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি আবারও তাকে জামিন দেন, যা সর্বশেষ আপিল বিভাগ বহাল রাখে।