লেবাননের সঙ্গে ইসরায়েলের কোনো ধরনের যুদ্ধবিরতি নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, রাজনৈতিক নেতৃত্ব যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে সেনাবাহিনী কাজ করছে। তার ভাষায়, ইসরায়েলি জনবসতিতে যাতে কোনো ধরনের সরাসরি হামলা না হয়, সে বিষয়েই মূল অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও দাবি করেন, নির্ধারিত লক্ষ্য অর্জন হয়েছে এবং বর্তমানে সেই অবস্থান বজায় রাখা হচ্ছে।
সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইয়াল জামির বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই এবং অভিযান অব্যাহত রাখতে হবে। তার মতে, শত্রু শক্তিকে দুর্বল করা এবং উত্তর ইসরায়েলের জনপদ থেকে সব ধরনের হুমকি দূর করাই তাদের প্রধান লক্ষ্য।