যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।
শুক্রবার (১ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, কংগ্রেসের আনুষ্ঠানিক পর্যালোচনা প্রক্রিয়া ছাড়াই ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে এসব অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী সংঘাত শুরুর প্রায় ৯ সপ্তাহ পর ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে আরও জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জরুরি নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই অস্ত্র বিক্রি অনুমোদন দেওয়া হয়েছে।
এ কারণে কংগ্রেসের নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়া থেকেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
চুক্তির আওতায় কাতারের কাছে ৪.০১ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৯৯২.৪ মিলিয়ন ডলারের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস) বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া কুয়েতের কাছে ২.৫ বিলিয়ন ডলারের সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইসরায়েলের কাছে ৯৯২.৪ মিলিয়ন ডলারের এপিকেডব্লিউএস এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪৭.৬ মিলিয়ন ডলারের একই ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।