ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের মেহের নিউজ এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার হিসেবে আখ্যা দিয়ে অভ্যন্তরীণ স্বার্থ হাসিলের জন্য গোপন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক উত্তেজনা, আগ্রাসনমূলক পরিস্থিতি এবং অতীত আলোচনায় ওয়াশিংটনের ভূমিকা বিবেচনায় নিয়েই বর্তমানে পরবর্তী দফার সংলাপ স্থগিত রাখা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধিদল এখনো পৌঁছায়নি। পূর্বঘোষণা অনুযায়ী, ওই বৈঠকে ইরানের স্পিকার বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির অংশ নেওয়ার কথা ছিল।
তবে তারা এখনো ইরানেই অবস্থান করছেন বলে জানা গেছে। এ অবস্থায় সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত বৈঠকে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।