ইরানের পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথা থেকে পেয়েছেন, তা স্পষ্ট নয়।
রোববার (১৯ এপ্রিল) ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাতে জানা যায়, এক বিবৃতিতে পেজেশকিয়ান ট্রাম্পের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে হস্তক্ষেপ করার কোনো বৈধ বা নৈতিক ভিত্তি যুক্তরাষ্ট্রের নেই।
পেজেশকিয়ান আরও বলেন, ট্রাম্প দাবি করেছেন যে ইরান পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, তবে কোন অপরাধের ভিত্তিতে এই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে—সে বিষয়ে কোনো ব্যাখ্যা তিনি দেননি।
ইরানের প্রেসিডেন্টের মতে, কোনো দেশকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কারও নেই। তিনি প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক আইন অনুসারে আত্মরক্ষার অধিকার থাকা সত্ত্বেও ইরানকে কেন পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে দেওয়া হবে না, তার কোনো গ্রহণযোগ্য কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেখানো হয়নি।