যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান বেলজিয়ামে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামের নিষেধাজ্ঞা অনুযায়ী ইসরায়েলি সামরিক সরঞ্জামবাহী কোনো বিমানের দেশটির আকাশসীমা ব্যবহার বা ল্যান্ডিংয়ের অনুমতি নেই। এই নীতির ভিত্তিতেই লিয়েজ বিমানবন্দরে দুটি চালান আটক করা হয়, যা যুক্তরাজ্য থেকে ইসরায়েলে যাওয়ার পথে ট্রানজিট হওয়ার কথা ছিল।
এক প্রকৌশলীর বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায়, গত ২৪ মার্চ লিয়েজ বিমানবন্দরে আটক করা ওই চালানগুলোতে ‘ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ’ পাওয়া গেছে। যদিও প্রেরকের পক্ষ থেকে এগুলোকে ‘সাধারণ বিমানের যন্ত্রাংশ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
এর আগে, ব্রিটিশ অনুসন্ধানী সংবাদমাধ্যম ডিক্লাসিফাইড ইউকে, বেলজিয়ামের এনজিও ভ্রেডেসাক্টি, আইরিশ গণমাধ্যম দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট যৌথভাবে এই চালান নিয়ে বেলজিয়াম সরকারকে সতর্ক করে।
পরে বেলজিয়াম সরকার ঘটনার তদন্ত শুরু করে। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নাম প্রকাশ করা হয়নি। এদিকে ওয়ালুন আঞ্চলিক সরকার ‘মুগ’ নামের একটি কোম্পানির কথা উল্লেখ করেছে, যা যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যারোস্পেস প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং এর কারখানা যুক্তরাজ্যে অবস্থিত।
কর্তৃপক্ষ আরও জানায়, এই ধরনের সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ট্রানজিট লাইসেন্স বাধ্যতামূলক হলেও ওই চালানের ক্ষেত্রে কোনো আবেদনই করা হয়নি। আবেদন করা হলেও তা অনুমোদন পেত না বলেও জানানো হয়েছে।