পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনার উদ্দেশ্যে এরই মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছেন। শনিবার (১১ এপ্রিল) অর্ধ-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিকেলের দিকে সম্ভাব্য এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
তাসনিমের এক প্রতিবেদকের বরাতে জানা যায়, আলোচনায় বসার আগে উভয় দেশের প্রতিনিধি দল আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এরপর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে বিভিন্ন সূত্রে বলা হয়েছিল, এ আলোচনা স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হতে পারে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, বিকেলেই বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরান এ আলোচনায় দশ দফার একটি প্রস্তাব উত্থাপন করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে আলোচনায় অংশ নেওয়া দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার ঘাটতি রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।