দেশের বর্তমান হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানান, গত চার বছরে নিয়মিত টিকাদান কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটার কারণে বর্তমানে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সরকার এ সংকট মোকাবিলায় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য সচিব জানান, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশালে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ কর্মসূচির আওতায় আনা হবে।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেড়েছে। গত কয়েক সপ্তাহে শতাধিক শিশুর মৃত্যু এবং হাজারের বেশি শিশু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে হাজার হাজার শিশু সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের একটি বড় অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইতোমধ্যে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও জেলায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, নির্ধারিত বয়সসীমার শিশুদের টিকা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।