অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে দক্ষিণ লেবাননের হারুফ, আল-দুওয়াইর ও হাব্বুশ শহরে হামলা চালানো হয়েছে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। গতকাল (৮ এপ্রিল) বৈরুতসহ জনবহুল বাণিজ্যিক ও আবাসিক এলাকায় আচমকা হামলা শুরু হয়। লেবাননের সিভিল ডিফেন্স জানায়, হামলায় ১,১৬৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন জানান, ইসরায়েলি বাহিনী লেবাননজুড়ে ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। লেবাননের রেড ক্রস জানায়, আহতদের হাসপাতালে পৌঁছানোর জন্য ১০০টি অ্যাম্বুলেন্স অবিরাম কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবিকতা লঙ্ঘন করে পরিকল্পিতভাবে নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।