দেশব্যাপী কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কৃষিখাতকে আরও গতিশীল করা এবং কৃষকদের প্রণোদনা কার্যক্রম সহজ ও স্বচ্ছ করতে এই বিশেষ কার্ড চালু করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজসহ বিভিন্ন সরকারি সহায়তা সরাসরি ও জটিলতামুক্তভাবে গ্রহণ করতে পারবেন।
প্রথম ধাপে টাঙ্গাইলসহ ১০টি জেলায় এই কার্যক্রম চালু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে ‘কৃষক কার্ড’ বিতরণ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।