ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলগত পরিকল্পনার অভাবে যে রাজনৈতিক ক্ষতি করেছেন, তা ঠিক করতে অনেক বছর সময় লাগবে।
লাপিদ এক্সে দেওয়া পোস্টে উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির সমঝোতার টেবিলে ইসরায়েলকে রাখা হয়নি। তিনি এই ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক কলঙ্ক হিসেবে আখ্যায়িত করেছেন।
বিরোধী নেতা বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইসরায়েল সেখানে দেখা যায়নি। সেনাবাহিনী যা চেয়েছিল তা করেছে, জনগণ ধৈর্যশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা শুরু করে। জবাবে ইরানও হামলা চালায়। এক সপ্তাহ পর পাকিস্তান মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করে যুদ্ধ স্থগিতের আহ্বান জানায়। বুধবার (৮ এপ্রিল) শেহবাজ শরিফের এক্সবার্তায় জানা গেছে, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা অস্থায়ী ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, যা লেবাননসহ অন্যান্য রণাঙ্গনেও প্রযোজ্য হবে।