জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। তাকে সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউএনএফআইসিওয়াইপি)-এর নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সংক্রান্ত ঘোষণা দেন। নতুন দায়িত্বে তিনি মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। বিদায়ী কমান্ডারের নেতৃত্ব ও মিশনে অবদানের প্রশংসাও করেন মহাসচিব।
লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের রয়েছে তিন দশকেরও বেশি সামরিক অভিজ্ঞতা। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে দায়িত্বে ছিলেন।
এর আগে, তিনি ১০ম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং কক্সবাজার অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম তদারকি করেছেন। এছাড়া তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালনা।
আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে তার এই নিয়োগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।