মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তি নম্বর ৩ অনুযায়ী আমেরিকা থেকে ৬১ হাজার মেট্রিক টন গম (এমভি এম পি আলট্রা ম্যাক্স-২) চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইতোপূর্বে জি টু জি চুক্তির প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম দেশে এসেছে। নতুন আগমনের জাহাজের গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। বাংলাদেশ ইতোমধ্যে সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে।
এর আগে, জি টু জি-০১ চুক্তির মাধ্যমে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি-০২ চুক্তির আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ টন গম দেশে এসেছে। মোট মিলিয়ে ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম দেশে পৌঁছেছে।
দেশে বছরে গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশের উৎপাদন শুধুমাত্র প্রায় ১০ লাখ মেট্রিক টন, তাই বাকি চাহিদা পূরণের জন্য সরকার এবং বেসরকারি খাতের মাধ্যমে বিদেশ থেকে গম আমদানি করা হয়।