মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কেন্দ্রসচিবদের নির্দেশ দিয়েছে যাতে চলতি এপ্রিলের ২১ তারিখ থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষাগুলি সুষ্ঠু ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
নির্দেশনায় বলা হয়েছে, অনিয়মিত পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে অংশগ্রহণ করবেন। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। কেন্দ্রগুলোতে প্রশ্নপত্রের প্যাকেট যাচাই, সিকিউরিটি খামে ভরা ও তারিখ, বিষয় কোড ও সেট কোড লেখা কেন্দ্রসচিব, ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির উপস্থিতিতে করতে হবে। কোনো ত্রুটি ধরা পড়লে তা কেন্দ্রসচিবের দায় হিসেবে গণ্য হবে।
পরীক্ষার দিনে ট্রেজারি অফিসারের কাছ থেকে নির্ধারিত সেটের প্রশ্নপত্র গ্রহণ করতে হবে এবং পুলিশ প্রহরা ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে কেন্দ্রের টেবিলে আনতে হবে। মোবাইল ফোনে সেট কোড নিশ্চিত হওয়ার পরই প্রশ্নপত্রের খাম খোলা যাবে। অব্যবহৃত প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত দিতে হবে। অন্য কোনো সেটের প্রশ্নপত্র ব্যবহার করলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।