চলমান যুদ্ধে আজ ৩২তম দিন। বুধবার (১ এপ্রিল) ইসরায়েলি গণমাধ্যম জেরুসালেম পোস্ট জানিয়েছে, এই সময়ে ইরানে ৮০০ দফারও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সব মিলিয়ে প্রায় সাত হাজার সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ইরানিদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে জানিয়েছেন, ইসরায়েল সমন্বিতভাবে ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।
গতকাল (৩১ মার্চ) আইডিএফ ঘোষণা দিয়েছে, আজ বুধবারের মধ্যে ইরানের সব গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যক লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে। এখানে ‘গুরুত্বপূর্ণ’ বলতে বোঝানো হয়েছে সেই স্থাপনাগুলো যা সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকির মুখে রয়েছে।
এই অভিযানে তেল-আবিবের সামরিক কার্যক্রম দপ্তর, বিমান বাহিনী ও সামরিক গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে, যাতে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সময়মতো আঘাত হানতে সক্ষম হয়।