বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২–১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তবে দলের এই সাফল্যের মাঝেও সদ্য সমাপ্ত সিরিজের কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি ওপেনার সৌম্য সরকার। গত বছর বাংলাদেশের হয়ে সবশেষ ওয়ানডে ম্যাচে ৯১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবুও এবার তাকে কেন সুযোগ দেওয়া হয়নি, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
সিরিজ শেষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি ব্যাখ্যা করেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, আমরা চাই একজন খেলোয়াড় যেন পর্যাপ্ত সুযোগ পায়। কোনো সন্দেহ নেই, সৌম্য গত সিরিজে অনেক ভালো খেলেছে। কিন্তু হয়তো কিছুদিন ধরে সে পুরোপুরি ছন্দে ছিল না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেললেও পাকিস্তান সিরিজে একাদশে ফিরে সিরিজসেরা হয়েছেন তানজিদ হাসান তামিম। অন্যদিকে সাইফ হাসান প্রথম দুই ম্যাচে রান না পেলেও তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে মিরাজ বলেন, সাইফকে বসিয়ে যদি সৌম্যকে খেলাতাম, তাহলে দুইটা বিষয় হতে পারত। এতে সাইফের আত্মবিশ্বাস কমে যেত। আবার আল্লাহ না করুক, সৌম্য যদি ভালো করতে না পারত, তাহলে সেটাও তার জন্য কঠিন হয়ে যেত।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের এই সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছে। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়।
সামনের বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান মিরাজ। তিনি বলেন, ‘একটি-দুটি ম্যাচ দেখে কোনো ব্যাটারকে বিচার করা যায় না। যখন সৌম্যর আবার সুযোগ আসবে, সে নিজেকে প্রমাণের সর্বোচ্চ সুযোগ পাবে। আমরা এমন নীতিতে বিশ্বাসী নই যে এক ম্যাচ খেলিয়েই কাউকে বাদ দিয়ে দেব। সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা সেভাবেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে দল গোছাচ্ছি।’