ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি জানিয়েছেন, চলমান সংঘাতের কারণে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করতে পারবে না।
বুধবার (১১ মার্চ) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয় এবং বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার উপযুক্ত পরিবেশ নেই। গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপানো হয়েছে।’
২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ইরানের দল প্রথমে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের সঙ্গে, ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের সঙ্গে ম্যাচ খেলার কথা ছিল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধ সত্ত্বেও ইরান চাইলে বিশ্বকাপে অংশ নিতে পারবে।
এর আগে ফিফা জানায়, কোনো দল প্রথম ম্যাচের ৩০ দিনের মধ্যে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে ২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হবে। এছাড়া ভবিষ্যতের ফিফা প্রতিযোগিতা থেকে বহিষ্কার বা অন্য দল দিয়ে প্রতিস্থাপনের শাস্তিও দেওয়া যেতে পারে।