মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কাতারে সব ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালীন স্থগিত করা হয়েছে। এর মধ্যে চলতি মাসের (২৭ মার্চ) দোহায় আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা ম্যাচও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিকল্প ভেন্যু হিসেবে ইংল্যান্ড, স্পেন বা মরক্কো-র নাম শোনা যাচ্ছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান জানিয়েছেন, দোহায় ম্যাচ আয়োজন করা এখন খুবই কঠিন। ম্যাচের জন্য বুকিং করা দুটি চার্টার বিমান চারদিন আগে বাতিল করা হয়েছে। তার কথায়, ৪৮ ঘণ্টার মধ্যেই ম্যাচটি কাতারে হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, দোহা থেকে ম্যাচের ভেন্যু সরানো সহজ নয়। উয়েফা ও কনফেমবল একটি প্রোমোটারের মাধ্যমে ফিনালিসিমাসহ ৬টি ম্যাচ আয়োজনের চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে স্পেন-আর্জেন্টিনা (২৭ মার্চ), মিসর-স্পেন (৩০ মার্চ), সৌদি-সার্বিয়া (৩০ মার্চ) এবং আর্জেন্টিনা-কাতার (৩১ মার্চ)। সব মিলিয়ে ফিনালিসিমা একটি বড় প্যাকেজের অংশ।
সব কিছু বিবেচনায় কাতারে ম্যাচ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে।