প্রথমবারের মতো বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ডাক পেয়েছেন। সাবেক চ্যাম্পিয়ন দল পেশোয়ার জালমি তাকে সরাসরি চুক্তিতে দলে ভেড়িয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার সময় পেশোয়ার জালমি তাদের ফেসবুক পেজে শরিফুলের ছবি দিয়ে পোস্ট করেছে।
পোস্টে বলা হয়েছে, “দ্য ইয়োলো স্টর্ম তোমাকে পেয়ে আরও শক্তিশালী হলো। বাংলাদেশ এক্সপ্রেস এই বাঁ-হাতি পেসার হলুদ জার্সিতে পাকিস্তান সুপার লিগ মাতাতে প্রস্তুত। গতি, স্ট্রাইক ও ঝড়ের শক্তি–তোমাকে জালমি পরিবারে স্বাগতম।”
এবারের পিএসএলে মোট ৫ বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন এবং রিশাদ হোসেন।
পিএসএল শুরু হবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ হিউস্টন। প্রথম দিনে দেখা যেতে পারে দুই বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজ ও ইমনকে। এছাড়া রিশাদ হোসেন রাওয়ালপিন্ডির হয়ে এবং শরিফুল ও নাহিদ রানা পেশোয়ারের হয়ে খেলবেন।
পেশোয়ার জালমি কর্তৃপক্ষ শরিফুলকে বেছে নিয়েছে পাকিস্তানের পেস আক্রমণকে আরও বৈচিত্র্যময় ও শক্তিশালী করার জন্য। ৩ মে পর্যন্ত চলা এই টুর্নামেন্টে তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।