যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সাহায্য পাওয়া সত্ত্বেও অনেক দেশ কৃতজ্ঞ নয়। হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় মিত্র দেশগুলোর আহ্বানে সাড়া না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে জার্মানি, স্পেন ও ইতালি জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য তারা বর্তমানে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে না। ইরান ড্রোন ও নৌ-মাইন বসিয়ে এই নৌপথ প্রায় বন্ধ করে রেখেছে।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বার্লিনে বলেন, সংবিধান অনুযায়ী এ ধরনের পদক্ষেপ নিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন প্রয়োজন। তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পূর্বে ওয়াশিংটন ও ইসরায়েল জার্মানির সঙ্গে কোনো সংলাপ করেনি।
এদিকে, চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি প্রায় বন্ধ রয়েছে। এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল ও এলএনজি পরিবহন হয়। ফলে জ্বালানির দাম বৃদ্ধি ও বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে।
হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, অনেক দেশ আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছে, তবে কিছু পুরোনো মিত্র দেশের আচরণে আমি সত্যিই হতাশ।