ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করার চেষ্টা চালানো হবে এবং সুযোগ পেলে তাকে হত্যার চেষ্টা করা হবে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ আখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয়, তিনি যদি এখনো জীবিত থাকেন, তাহলে তাকে শনাক্ত করে লক্ষ্যবস্তু বানানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তেহরান দাবি করেছে, গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিক্রিয়াতেই এই অবস্থান নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আইআরজিসির এমন হুমকি মধ্যপ্রাচ্যে আগে থেকেই থাকা উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে। তাদের আশঙ্কা, এতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান দ্বন্দ্ব নতুন করে বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে।