মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা শুরু করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এটি তাদের ৪০তম সামরিক অভিযান।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নতুন এই অভিযানে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া এক বিবৃতিতে জানিয়েছে, পরিকল্পিত এই হামলায় ড্রোনের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কাদের, এমাদ, খেইবার শেকান এবং ফাত্তাহ উল্লেখযোগ্য।
আইআরজিসি দাবি করেছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেলআবিব, জেরুজালেম ও হাইফাসহ বিভিন্ন স্থানের দিকে নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের জর্ডানের আল-আজরাক এবং সৌদি আরবের আল-খারজে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সামরিক অভিযান লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। একই সময় হিজবুল্লাহ ‘অপারেশন ডিভোর্ড স্ট্র’ নামে একটি নতুন অভিযানের সূচনা করেছে বলেও উল্লেখ করা হয়েছে।