ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ১১ বিলিয়ন ডলারের বেশি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) কংগ্রেসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে পরিচালিত সামরিক অভিযানের সম্ভাব্য ব্যয়ের একটি প্রাথমিক হিসাব তুলে ধরেন। সেই হিসাব অনুযায়ী, সংঘাতের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের অন্তত ১ হাজার ১৩০ কোটি ডলার (প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার) ব্যয় হয়েছে।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, এটি যুদ্ধের মোট ব্যয় নয়; বরং প্রাথমিক একটি অনুমান মাত্র। বুধবার (১১ মার্চ) কংগ্রেসের আইনপ্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এ প্রাথমিক ব্যয়ের তথ্য প্রকাশ করা হয় বলে একটি সূত্র জানায়।
কংগ্রেসের কয়েকজন সহকারীর মতে, চলমান সামরিক অভিযানের অতিরিক্ত ব্যয় মেটাতে হোয়াইট হাউস খুব শিগগিরই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন করতে পারে। ধারণা করা হচ্ছে, এই আবেদনের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি ডলার (৫০ বিলিয়ন ডলার) পর্যন্ত হতে পারে। তবে অনেক বিশ্লেষকের মতে, বাস্তবে যুদ্ধের মোট ব্যয় এর চেয়েও বেশি হতে পারে।
এদিকে সংঘাত কতদিন স্থায়ী হতে পারে কিংবা এর সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে—এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত জনসম্মুখে কোনো স্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি।