ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়ে গেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জরুরি মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, সরকার ভোক্তা ও শিল্পখাতকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চাপ থেকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেবে।
প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটি পেট্রোলিয়ামজাত জ্বালানির ওপর সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারের উর্ধ্বমুখী প্রভাব এবং অভ্যন্তরীণ বাজারের অস্থিতিশীলতা মোকাবিলার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার সরকার স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের দাম পরিচালনা করে আসছে, তবে চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ মূল্য নির্ধারণ নিশ্চিতভাবে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে।