বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাট রুটে বর্তমানে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যুদ্ধ পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় বন্ধ থাকা অন্যান্য গন্তব্যের মধ্যে বিশেষভাবে দুবাই রুট পুনরায় চালু করার বিষয়টি সরকার এখন বিবেচনা করছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও বিমান বোর্ডের কার্যক্রম আরও স্বচ্ছ ও জনবান্ধব করার নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের ভিড় কমাতে ও দ্রুত লাগেজ হ্যান্ডলিং নিশ্চিত করতে গেট ও স্ক্যানিং ব্যবস্থা বৃদ্ধি করা হচ্ছে।
বিমানের শেয়ার বেসরকারি খাতে দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা বোর্ড ও ব্যবস্থাপনাকে শক্তিশালী করার চেষ্টা করছি। প্রয়োজন হলে বাইরের সিইও নিয়োগ দিয়ে পরিষেবা মান উন্নয়ন করা হবে। সব ব্যবস্থা এমনভাবে নেয়া হচ্ছে যাতে টিকিটের দাম সহনীয় থাকে এবং বিমান বেসরকারি এয়ারক্রাফটের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হয়।
তিনি আশা প্রকাশ করেন, কিছুদিনের মধ্যেই বিমান পরিষেবায় পরিবর্তন এবং আধুনিকীকরণের ফল দেখা যাবে।