মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের ধারাবাহিকতায় ইরানে কমপক্ষে ১,০৪৫ জন নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
এই হামলার জবাবে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফতেহ্ খাইবার’ অপারেশনের পঞ্চম দিনে ইসরায়েলসহ তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবের ওপর ১৭ দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
হামলায় সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলিতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হেডকোয়ার্টারও লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে এবং ইরবিল বিমানবন্দরে ক্ষতি হয়েছে। তুরস্কে আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দিয়েছে আঙ্কারা।
সৌদি আরবের দাবি, তেহরান থেকে ছোড়া তিনটি ক্রুজ মিসাইল আল-খার্জে ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ষষ্ঠ দিনে তেহরান মধ্যরাতে নতুন করে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।