কালজয়ী অভিনেতা ও অস্কার প্রাপ্ত রবার্ট ডুভল আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। এক মার্কিন সংবাদ বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজার নিজেই।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার মিডলবার্গের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিবৃতিতে আরও বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই গুণী শিল্পী।
ছয় দশকের দীর্ঘ পেশাজীবনে অসংখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে ডুভাল বেশ পরিচিতি অর্জন করেছিলেন। রবার্ট ডুভলের করা জনপ্রিয় অসংখ্য ছবির মধ্যে ‘দ্য গডফাদার’ অন্যতম। ‘দ্য গডফাদার’ ছবিতে কর্লিওন পরিবারের বিশ্বস্ত উপদেষ্টা ‘টম হ্যাগেন’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ক্যারিয়ারের সাতবার অস্কার প্রাপ্ত এই অভিনেতার অন্যতম মাইলফলক ছিল ১৯৮৩ সালের ‘টেন্ডার মার্সিস’ ছবিতে শ্রেষ্ঠ অভিনেতার একাডেমি অ্যাওয়ার্ড লাভ করা। তাছাড়াও ২০০৪ সালে তাকে ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ প্রদান করা হয়।
তার ক্যারিয়ারে দ্য গডফাদার ছাড়াও নেটওয়ার্ক, দ্য গ্রেট স্যান্টিনি, দ্য হ্যান্ডমেইড’স টেল, দ্য জাজ, অ্যাপোক্যালিপস নাউ, টু কিল আ মকিংবার্ড ও লোনসাম ডাভ-এর মতো সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ১৯৯০ সালে পারিশ্রমিক বৈষম্যের কারণে ‘দ্য গডফাদার পার্ট থ্রি’-তে অভিনয় করতে অস্বীকৃতি জানান তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনা করেছেন ‘দ্য অ্যাপোস্টল’ ও ‘অ্যাসাসিনেশন ট্যাঙ্গো’র মতো চলচ্চিত্র।
১৯৩১ সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম গ্রহণ করেন রবার্ট ডুভল। অভিনয় জগতে পা রাখার আগে তিনি মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তারপর নিউ ইয়র্কে অভিনয় নিয়ে পড়াশোনা করেন, যেখানে তার সহপাঠী ছিলেন ডাস্টিন হফম্যান ও জিন হ্যাকম্যানের মতো তারকারা।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডুভলের পরিচিতি ছিল একজন নীতিবান মানুষ হিসেবে। কিংবদন্তি এই অভিনেতার কোনো আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে না। তার স্মৃতিকে সম্মান জানাতে ভক্তদের প্রতি তার অভিনীত কোনো প্রিয় সিনেমা দেখা অথবা বন্ধুদের সঙ্গে সুন্দর গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।