মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর আহসানের বিরুদ্ধে ১০৪ গুম-খুনের মামলার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া।
জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া জানান, সেনাবাহিনীতে খুনের ঘটনা নতুন নয়, স্বাধীনতার পর থেকেই এটি ছিল। বেনজীর আহমেদ র্যাব ডিজি ও জিয়াউল আহসান এডিজি হওয়ার পর বিচারবহির্ভূত কার্যক্রম বাড়তে থাকে। বিডিআর হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত ও আওয়ামীলীগ বিদ্বেষ তীব্র হয়। তখন নানা প্রকল্পে সেনা সদস্যদের নিয়োগ দিয়ে দুর্নীতিগ্রস্ত করা হতো।
সাক্ষ্যে সেনা সদস্যদের মধ্যে গুম ও খুনের মানসিকতা তৈরি হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি। ট্র্যাইব্যুনালে প্রসিকিউসনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গাজী এমএইচ তামীম ও প্রসিকিউটর মিজানুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার। আগামী ১৮ ফেব্রুয়ারি জেরার পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।