অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় চলমান নির্বাচনী পরিবেশ এবার অনেক বেশি শান্ত, সুশৃঙ্খল ও অনুকূল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচনকে ঘিরে শুরুতে যেসব শঙ্কা ছিল, সেগুলো সবার সহযোগিতায় আমরা ইতোমধ্যে কাটিয়ে উঠেছি। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।”
একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনোভাবেই তিন দিন সময় লাগবে না। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, আধুনিক অটোমেশন সিস্টেম এবং একাধিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে ফলাফল দ্রুত সংগ্রহ করা যাবে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রে যোগাযোগ জটিলতার কারণে সামান্য বিলম্ব হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।”
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।