বলিউডে তার অভিনয় প্রশংসা হলেও, অভিনেতা রণবীর সিং এবার বিপাকে পড়লেন। ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্য উদযাপন করতে গিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মামলা করেছেন আইনজীবী প্রশান্ত মেঠাল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগে বলা হয়েছে, কর্নাটকের চৌভুন্ডি অঞ্চলের দৈব সংস্কৃতি এবং হিন্দু দেবদেবীদের প্রতি রণবীরের আচরণ আপত্তিজনক ছিল। সমস্যার সূত্রপাত হয়েছিল কয়েক মাস আগে গোয়ায় এক অনুষ্ঠানে, যেখানে রণবীর মঞ্চে ‘কান্তারা’ সিনেমার প্রশংসা করছিলেন। সেই সময় অভিনেতা চামুণ্ডা দেবীর অভিনয় করে দেখান এবং তাকে ‘মহিলা ভূত’ হিসেবে সম্বোধন করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, ভারতীয় দণ্ড সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হিন্দু দেবদেবী এবং কর্নাটকের চামুণ্ডা দেবীর প্রতি তার আচরণে অনাস্থা সৃষ্টি হয়েছে।
‘কান্তারা’ সিনেমার পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি দর্শক এবং রণবীরকে বারবার দেবীর নকল করা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, “আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। হতে পারে এটি অভিনয় বা মজার ব্যাপার, কিন্তু এই দৈব্যটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং সংবেদনশীল। তাই তাকে নকল করা ঠিক নয়।”
ঘটনার পর রণবীর সমালোচনার মুখে ক্ষমা চেয়েছিলেন, তবে তার ক্ষমাও বিতর্ক মেটাতে পারলো না। এফআইআর দায়েরের পর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি অভিনেতা।