মিয়ানমারে বেশ কয়েকটি স্ক্যাম কেন্দ্র পরিচালনা করা এক কুখ্যাত পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। দেশটির ঝেজিয়াং প্রদেশের একটি আদালত এই রায় কার্যকর করার ঘোষণা দিয়েছে।
আদালত জানিয়েছে, এই পরিবার মিয়ানমারে চীনা নাগরিকদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা, জুয়া এবং হত্যার সঙ্গে যুক্ত ছিল। সেপ্টেম্বরে প্রাদেশিক আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করে এবং পরে নভেম্বরে চীনের সর্বোচ্চ আদালত তাদের আপিল নাকচ করে।
মিয়ানমারের চীনা সীমান্তবর্তী লাউক্কাই শহরটি মিং পরিবারের অধীনে অনলাইন স্ক্যাম, মানব পাচার, মাদক ব্যবসা এবং ক্যাসিনোর জন্য পরিচিত হয়ে ওঠে। চীনের সর্বোচ্চ আদালতের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে মিং পরিবারের এই অপরাধমূলক কার্যক্রম থেকে প্রায় ১৪০ কোটি ডলার আয় হয়।
মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের মধ্যে ২০২৩ সালে লাউক্কাই শহর কোকাং জনগোষ্ঠীর বিদ্রোহী জোটের নিয়ন্ত্রণে আসে। বিদ্রোহী গোষ্ঠী এমএনডিএএ মিং পরিবারের সদস্যদের আটক করে চীনের হাতে হস্তান্তর করে। তাদের অপরাধে অন্তত ১৪ জন চীনা নাগরিক নিহত হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন।