বাংলাদেশকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার নির্দেশ চেয়ে করা জনস্বার্থ মামলা (পিআইএল) গ্রহণ করতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে এ আবেদন করা হয়েছিল। আদালত এটিকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করেনি।
বুধবার (২১ জানুয়ারি) দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর আপত্তি তোলেন। আদালত জানান, বিদেশি দেশের বিষয় বা আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের, আদালতের নয়। বেঞ্চ আরও মন্তব্য করে, অন্য দেশের বিষয়ে আদালত নীতিগত সিদ্ধান্ত দিতে পারে না এবং বিদেশে কোনো অনুসন্ধান করার এখতিয়ারও নেই।
প্রধান বিচারপতি আরও বলেন, সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে রিট বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ওপর প্রযোজ্য হতে পারে না।
আবেদনকারীর আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নির্দেশ চাওয়াকে আদালত ভারতীয় আদালতের এখতিয়ারবহির্ভূত হিসেবে ঘোষণা করে। বেঞ্চ আবেদনকারীকে সতর্ক করে বলেন, এই ধরনের মামলা জনস্বার্থ মামলার অপব্যবহার এবং আদালতের সময় নষ্টের কারণ হতে পারে। প্রয়োজনে বড় অঙ্কের জরিমানাও করা যেতে পারে।