মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নিলে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্ব ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।
সোমবার (১৯ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের গ্রিনল্যান্ড বিষয়ক মূল্যায়নের সঙ্গে কোনো বিরোধ নেই। তবে গ্রিনল্যান্ড দখল আন্তর্জাতিক আইনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ বা ভালো না মন্দ—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
তিনি আরও বলেন, “গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার প্রশ্নটি যদি সমাধান করা হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিতভাবেই ইতিহাসে স্থান করে নেবেন—শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসেও।”
এর আগে, ট্রাম্প একাধিকবার জোর দিয়ে জানিয়েছেন, গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া তিনি অন্য কোনো বিষয়ে রাজি হবেন না। তার যুক্তি, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নেয়, তাহলে ভবিষ্যতে রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার করতে পারে।
এদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় পক্ষের নেতারা বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং দ্বীপের বাসিন্দারাও যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না।