মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অভিবাসনবিরোধী কঠোর নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দপ্তরটি।
স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভিসা বাতিলের একটি নতুন রেকর্ড। গত ২০ জানুয়ারি ২০২৫-এ দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বৈধ ভিসাধারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন।
বিবৃতিতে আরও জানানো হয়, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা রয়েছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসা ব্যক্তিদের প্রায় ২ হাজার ৫০০টি বিশেষ ভিসাও বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানান, মূলত চারটি প্রধান কারণে এই ভিসাগুলো বাতিল করা হয়েছে। ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা ও চুরির মতো অপরাধ। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের হার বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।